রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি আমতলায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. করিম (১৮)। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাসার প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে যান করিম। কেনাকাটা শেষে এক বন্ধুর সঙ্গে কিছু সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তের গুলির শিকার হন তিনি। আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তাদের বাসা মানিকদি আমতলা এলাকায়। রাতে মশার কয়েল কিনতে বের হয়েছিল করিম। ফেরার পথে ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তার দুই পায়ে গুলি লাগে।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে করিমকে উদ্ধার করেন। প্রথমে তাকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে করিমের ডান পা থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। অন্য গুলিটি বাম পায়ে আঘাত করে শরীর ভেদ করে বেরিয়ে যায়।
রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা শেষে রাতেই তার ছেলেকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তারা কিছু জানেন না। তার দাবি, করিমের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তিনি বাসায় ফিরে গেছেন। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত এবং হামলার কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।