সংসদ অধিবেশনে যোগ দিতে সরোয়ারের বাধা নেই, জানালেন আপিল বিভাগ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত বলেছেন, এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী নিয়মিত আপিল দায়ের করতে পারবেন। বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করেন একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আবেদনে সরোয়ারকে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখারও অনুরোধ জানানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। পরে তিনি ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন এবং পরবর্তীতে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে নির্বাচনের ফলাফল প্রকাশ আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়েছিল।
চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আইনগত ভিত্তিহীন ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে তাকে বিজয়ী প্রার্থী হিসেবে গেজেট প্রকাশ করে। একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আবেদনটি প্রথমে চেম্বার আদালতে উপস্থাপিত হয় এবং পরে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ধারাবাহিক শুনানি শেষে আপিল বিভাগ বুধবার আদেশ দেন যে, সরোয়ার আলমগীরের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণে আপাতত কোনো বাধা নেই। পাশাপাশি মামলার বিষয়ে নিয়মিত আপিল করার সুযোগও খোলা থাকবে।
শুনানিতে জামায়াতের প্রার্থীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।