ঢাবির কর্মসূচির কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকবে স্টেশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই তিন ঘণ্টা মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রম করবে, তবে সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবে না। এ সময় ট্রেনটি স্টেশনে না থেমেই চলাচল করবে। তবে অন্যান্য সব স্টেশনে মেট্রোরেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাময়িক এই সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কর্মসূচির নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতেই বিশ্ববিদ্যালয়ের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।