মতিঝিল-কমলাপুর অংশে মেট্রোরেল চালুর সময় জানাল কর্তৃপক্ষ
রাজধানীর মেট্রোরেল সেবার পরিধি আরও বাড়ছে। চলমান সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছরের এপ্রিল মাসে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত অংশে যাত্রী পরিবহন শুরুর আগে আগামী বছরের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এ সময় নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সম্প্রসারণ অংশের প্রায় ৭৭ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে। এ ছাড়া কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সেখানে স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে।
প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজ শেষ হবে। পাশাপাশি স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস স্থাপন, স্থায়ী কাচ বসানো এবং ভেতর-বাইরের রঙের কাজও এগিয়ে চলছে। উত্তরা নির্মাণ ইয়ার্ডে প্রয়োজনীয় ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বর্তমানে এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষে হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। নতুন অংশ চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।