স্লিপার বাসের সংখ্যা ও অনুমোদনের তথ্য চাইলেন হাইকোর্ট
দেশের মহাসড়কে চলাচলকারী স্লিপার বাসের প্রকৃত সংখ্যা এবং এর মধ্যে কতগুলো বৈধ অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে-সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিবন্ধনসংক্রান্ত অনিয়ম ও অবৈধভাবে পরিচালিত বাসের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কেও প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। আদালতের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) সারাদেশে অনুমোদনপ্রাপ্ত স্লিপার বাসের সংখ্যা জানাতে হবে। পাশাপাশি মহাসড়কে বর্তমানে কতটি স্লিপার বাস চলাচল করছে এবং একই নিবন্ধন নম্বর ব্যবহার করে একাধিক বাস পরিচালনার অভিযোগে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দিতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্লিপার বাস মালিক সমিতির আওতায় পরিচালিত বাসগুলোর পূর্ণাঙ্গ তালিকা, প্রতিটি বাসের নিবন্ধন নম্বরসহ আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিটে সড়ক নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল সাময়িকভাবে বন্ধের আবেদন জানানো হয়।
রিট আবেদনের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্লিপার বাসের নিবন্ধন, অনুমোদন এবং পরিচালনা-সংক্রান্ত অনিয়মের একাধিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।