খুলনা ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১
খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাইদুর সরদার ছাইদ (২৫) পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি আছাবুর সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বাসটি ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।