বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে TikTok। অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সরিয়ে ফেলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত টিকটকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট ২০২৬-এর প্রথম প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে বিশ্বব্যাপী কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও প্ল্যাটফর্ম থেকে অপসারণ করা হয়েছে। এ সংখ্যা ওই সময়ে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশের সমান।
রিপোর্ট অনুযায়ী, অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। তবে পরবর্তী পর্যালোচনায় ভুলবশত সরিয়ে ফেলা ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
টিকটক জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন কার্যকরভাবে বাস্তবায়নে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির পাশাপাশি মানব পর্যালোচনা ব্যবস্থাও ব্যবহার করছে। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত ও অপসারণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।