বায়রার দ্বি-বার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।
নির্বাচন বোর্ড জানিয়েছে, ভোটগ্রহণের দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে একই দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মাধ্যমে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, তিনজন সহ-সভাপতি, একজন সেক্রেটারি জেনারেল, একজন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ট্রেজারার, একজন ফাইন্যান্স সেক্রেটারি, একজন স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি, একজন পাবলিক রিলেশনস সেক্রেটারি, একজন মেম্বার্স ওয়েলফেয়ার সেক্রেটারি এবং ১৪ জন সাধারণ সদস্য।
তফসিল অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সদস্যপদ নবায়ন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করা হবে। এরপর ২৪ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি নিষ্পত্তির পর ১ ও ২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ৯ থেকে ১৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল কার্যক্রম সম্পন্ন হবে। সব প্রক্রিয়া শেষে ২১ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।
নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থী বা সদস্যের আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আপিল বোর্ডে আবেদন করা যাবে। আপিল নিষ্পত্তি শেষে প্রয়োজন হলে ২৫ নভেম্বর ২০২৬ সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন বোর্ড আরও জানিয়েছে, প্রয়োজনে নির্বাচনী তফসিল সংশোধন বা পরিমার্জনের ক্ষমতা তাদের সংরক্ষিত থাকবে। পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও বিজ্ঞপ্তি নির্ধারিত নোটিশ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে।