ছাত্রশিবির ছাড়ার ঘোষণা দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দিয়েছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে সাদিক কায়েম লেখেন, সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রশিবিরে তাঁর দায়িত্বের সমাপ্তি হয়েছে। তিনি ছাত্রশিবিরকে নিজের আবেগ ও ভালোবাসার সংগঠন হিসেবে উল্লেখ করে সেখানে কাটানো সময়কে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে অভিহিত করেন। তিনি আরও লেখেন, ছাত্রশিবিরে কাজ করার মাধ্যমে দেশ ও জাতি সম্পর্কে ভাবতে, নেতৃত্বের গুণাবলি অর্জন করতে এবং ব্যক্তিগত ও আদর্শিক বিকাশের সুযোগ পেয়েছেন। সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্যকে তিনি নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি ছাত্রশিবিরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং সংগঠনের কর্মীদের জন্য দোয়া করেন।
এর আগে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুই দফা সাংগঠনিক পুনর্বিন্যাস (সেটআপ) হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই তাঁর বিদায় হয়েছে। উল্লেখ্য, প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত দলীয় এক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছিল।
এরপর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সে কারণে ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হচ্ছেন।