আর্জেন্টিনা প্রতিপক্ষে মিসর ,সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কি?
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিসর। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে বিশ্বখ্যাত ক্রীড়া বিশ্লেষণ সংস্থা অপটার সুপারকম্পিউটার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে।
অপটার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। বিপরীতে মিসরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।
গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় তারা। পরে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি।
অন্যদিকে, ‘জি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে মিসর। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপের নকআউট ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেয় আফ্রিকার দলটি। এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চার ম্যাচে সাত গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন। অ্যাসিস্টে এগিয়ে থাকায় আপাতত এমবাপ্পে শীর্ষ অবস্থানে রয়েছেন।
মিসরের বিপক্ষে গোল করতে পারলে মেসি এক বিশ্বকাপে আট গোল করা দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এর আগে ১৯৩০ সালের বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন গিয়ের্মো স্তাবিলে। তবে দুই দলের জন্যই বড় চিন্তার বিষয় ক্লান্তি। শেষ ম্যাচে আর্জেন্টিনা ও মিসর-দুই দলকেই ১২০ মিনিট খেলতে হয়েছে। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচ শেষে মেসিও শারীরিক ক্লান্তির কথা স্বীকার করেছিলেন। একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দীর্ঘ সময় মাঠে থাকতে হয়েছে মিসরের ফুটবলারদের।
মিসরের আক্রমণের প্রধান ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। যদিও আগের ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ে সামান্য অস্বস্তিতে ভুগেছিলেন। তবে পুরোপুরি ফিট অবস্থায় মাঠে নামতে পারলে ওমর মারমুশকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার রক্ষণে বড় পরীক্ষা নিতে পারেন এই তারকা ফরোয়ার্ড। আজকের ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।