বর্ণবাদী মন্তব্যের জবাবে ক্ষুব্ধ এমবাপ্পে,প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এমবাপ্পে সংশ্লিষ্ট রাজনীতিকের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে। ওই ম্যাচে এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে এমবাপ্পের সংক্ষিপ্ত বাকবিতণ্ডা ও হাত মেলানো নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যারাগুয়ের র্যাডিক্যাল লিবারেল পার্টির সিনেটর চেলেস্তে আমারিলা এমবাপ্পেকে উদ্দেশ্য করে একাধিক আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্য করেন। পোস্টগুলোতে তিনি এমবাপ্পের জাতিগত পরিচয় নিয়ে কটাক্ষ করেন এবং তাকে অবমাননাকর ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের তার প্রতি শারীরিকভাবে আক্রমণ করারও উসকানিমূলক মন্তব্য করেন।
এ ধরনের মন্তব্যের জবাবে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি লেখেন, “মাদাম চেলেস্তে আমারিলা, আপনি আপনার দায়িত্ব ও পদমর্যাদার মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আপনি প্যারাগুয়ের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করেন না। পুরো টুর্নামেন্টে দেশটির ফুটবলাররা যেভাবে লড়াই করেছে, তারা সম্মান পাওয়ার যোগ্য।”
ফরাসি অধিনায়ক আরও বলেন, “আপনার প্রকাশ্য বর্ণবাদী আচরণের কারণে আজ প্যারাগুয়ের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স নয়, বরং আপনার ঘৃণামূলক বক্তব্যই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কোনো ব্যক্তি বা অবস্থানকে আমি কখনোই ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দেওয়ার হাতিয়ার হতে দেব না।” এদিকে ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এমবাপ্পেকে উদ্দেশ্য করে দেওয়া বর্ণবাদী মন্তব্যের ঘটনায় সংশ্লিষ্ট সিনেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। বর্ণবাদ ও বৈষম্যমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক খেলোয়াড়, সমর্থক ও মানবাধিকারকর্মী বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানিয়ে এমবাপ্পের প্রতি সংহতি প্রকাশ করেছেন।