বিশ্বকাপের সেরা দুই দল স্পেন ও ফ্রান্স, দাবি ইয়ামালের
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচ শেষে সেমিফাইনাল প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার মতে, বর্তমান বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সই সবচেয়ে শক্তিশালী দুই দল।
ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, ভয় পাওয়ার কিছু থাকলে সেটি ফ্রান্সেরই থাকা উচিত। কারণ অতীতেও স্পেন তাদের হারিয়েছে। তিনি মনে করেন, বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দুটি দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এবং স্পেন কোনো ধরনের চাপ অনুভব করছে না। স্প্যানিশ এই উইঙ্গার স্মরণ করিয়ে দেন, ইউরো ২০২৪ ও নেশনস লিগ ২০২৫-এও ফ্রান্সের বিপক্ষে ইতিবাচক ফল পেয়েছিল স্পেন। তাই আসন্ন সেমিফাইনাল নিয়েও দলে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।
ইয়ামাল বলেন, বিশ্বকাপ শুরুর পর থেকেই সমর্থকরা এই ম্যাচটির অপেক্ষায় ছিলেন। তিনিও এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন। তার বিশ্বাস, ফ্রান্সের বিপক্ষে নির্ভয়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। ফ্রান্সের শক্তিমত্তার প্রশংসাও করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। তার ভাষ্য, ম্যাচের শুরুতে ফ্রান্স আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। দলটির আক্রমণ ও রক্ষণভাগে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং তারা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। তবে স্পেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী সাহসিকতার সঙ্গে খেলবে।
বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের পারফরম্যান্স নিয়ে ইয়ামাল বলেন, পুরো ম্যাচেই স্পেনের নিয়ন্ত্রণ ছিল। প্রতিপক্ষের গোলটি অপ্রত্যাশিত হলেও ম্যাচে তাদের আধিপত্য ছিল স্পষ্ট। অনেকেই স্পেনের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুললেও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো দলই তাদের সমানতালে টক্কর দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
বেলজিয়ামের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইয়ামাল। এবার তার লক্ষ্য, সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেওয়া।