নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ, জানুন আজকের মূল্য
দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। আজ থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং ব্যবহৃত পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।
এর আগে গত ৩ জুলাই বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই মূল্য থেকে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।