দেশীয় ওষুধের মান বিশ্বমানের, বললেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ ওষুধই উচ্চমানসম্পন্ন এবং বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে রপ্তানি হচ্ছে। বিদেশি রোগীরাও এসব ওষুধ ব্যবহারে সন্তুষ্টি প্রকাশ করছেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর থেকেই গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এটি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে এবং পুরো কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিভিন্ন নীতিগত সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে এবারের বাজেটে একাধিক সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তার অভাব নেই। প্রয়োজন শুধু অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং সময়োপযোগী নীতিমালা। এসব নিশ্চিত করা গেলে দেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে পারবেন। অর্থমন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কার্যকর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে অঙ্গীকার সরকার করেছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।