এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য এই সুযোগ রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীরাও এর আওতায় থাকবেন।
পুনঃপরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে কেন্দ্র কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পরীক্ষার্থী ও কেন্দ্র কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।