এসএসসি ফল প্রকাশে শেষ পর্যায়ের প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ৩০ জুলাই
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। তাদের পাশাপাশি ফলাফল নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় এই উৎকণ্ঠা আরও বেড়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা সম্ভব হলে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। যদিও ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে জোরালোভাবে কাজ চলছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হয়েছিল। তবে তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার লক্ষ্যে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ডগুলো যদি ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারে, তাহলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে ৩০ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে শিক্ষা বোর্ডগুলো।