স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ২৬ জুলাই এ নির্দেশনা জারি করেন। পরিপত্রে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি নির্ভরতা ও আসক্তি ক্রমেই বাড়ছে, যা তাদের পড়াশোনা, মনোযোগ এবং শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে পড়েছে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও একাডেমিক উন্নয়নের স্বার্থে বিদ্যালয় ও কলেজে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে শিক্ষকরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করেন, সে বিষয়েও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে ইউএনও রুম্পা ঘোষ গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, শ্রেণিকক্ষে শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ বিচ্ছিন্ন করছে। তাই শিক্ষা কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।