এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রথম আদেশ পেলেন আলোচিত খাইরুল ইসলাম
প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন বদলি নীতিমালার আওতায় জারি হওয়া প্রথম আদেশে বদলির সুযোগ পেয়েছেন কুমিল্লার আলোচিত আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলাম।
রোববার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসায় কর্মরত খাইরুল ইসলামকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি.এস. আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬-এর ৩.১৯ ধারার আওতায় এ আদেশ কার্যকর করা হয়েছে।
খাইরুল ইসলাম কয়েক মাস আগে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আলোচনায় আসেন। অভিযোগ ছিল, চলতি বছরের এপ্রিলে কথাকাটাকাটির একপর্যায়ে একই প্রতিষ্ঠানের শিক্ষক জাহাঙ্গীর তাকে একটি কক্ষে আটকে মারধর করেন। পরে শিক্ষার্থীদের সামনেই তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করার ঘটনাও ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়। সাম্প্রতিক বদলির আদেশের মাধ্যমে সেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যত্র দায়িত্ব পালনের সুযোগ পেলেন খাইরুল ইসলাম।
বদলির আদেশ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাইরুল ইসলাম বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আমাকে চাঁদপুরে শিক্ষকতা করার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। অবশেষে চাঁদপুরেই বদলির আদেশ পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।