আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার সব ধরনের গ্রাহক এ সেবার বাইরে থাকবেন। শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ পরিচালিত হবে। এ কারণে রোববার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যেতে পারে অথবা সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।