ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫ এমপির জন্য বিশেষ বরাদ্দ
প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে জনপ্রতি ৩০ লাখ টাকা করে বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাদ্দপত্র তুলে দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বরাদ্দপত্র গ্রহণ করেন।
বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।