প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ পরিদর্শনে প্রতিমন্ত্রী, সঙ্গে বিরোধী দলীয় নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে রাজধানীর ঢাকা-১৫ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম খান মিল্টন-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।
পরে প্রতিমন্ত্রী আনন্দবাজার খাল, পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ সংলগ্ন এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
মতবিনিময় সভায় এলাকাবাসী পানির সংকট, গ্যাসের স্বল্পতা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, বাজারের অবৈধ দখল, ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি-সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি এলাকার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিরোধী দলীয় নেতার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিদর্শনে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণই তাদের মূল লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের উন্নয়নে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন। একই সঙ্গে তিনি নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
পরিদর্শনে ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা সরকার ও বিরোধী দলের এই সমন্বিত উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ঢাকা-১৫ এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর কার্যকর ও টেকসই সমাধান হবে।