শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই, দাবি রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে আইনগত কোনো বাধা নেই।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা চিফ প্রসিকিউটরের বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে ভিন্নতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, আইন অনুযায়ী দেশে ফিরে আত্মসমর্পণ, জামিনের আবেদন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তাঁর ভাষায়, স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি এগোনো উচিত।
এ সময় বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হলে সেটিকে ইতিবাচকভাবে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, বিরোধী দল যদি মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম মূল্যায়ন করে গঠনমূলক সমালোচনা ও বাস্তবসম্মত পরামর্শ উপস্থাপন করে, তবে তা সরকারের কাজের মানোন্নয়নে সহায়ক হতে পারে এবং এমন উদ্যোগকে স্বাগত জানানো উচিত।