যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২ মে) সর্বশেষ হামলায় আরও ১০ জন নিহত হন। এর ফলে একদিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে এবং আহত হয়েছেন ৮ হাজার ১৮৩ জন।
দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে হামলায় তিনজন নিহত হয়েছেন। কফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় নিহত হন আরও দু’জন। লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় প্রাণ হারান তিনজন। এছাড়া শৌকিন গ্রামেও পৃথক হামলায় দুইজন নিহত হয়েছেন।
এদিকে, নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে এবং টাইর জেলার সিদ্দিকিন এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র-এর মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও তা বারবার লঙ্ঘনের অভিযোগ উঠছে।
ইসরাইলের দাবি, এসব হামলার লক্ষ্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ-এর সদস্যরা। তবে বাস্তবে নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।