বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করতে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতিতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এই উদ্যোগে যুক্ত হতে যাচ্ছেন জাইমা রহমান।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ক্রীড়া কূটনীতিকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং এতে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে। প্রতিমন্ত্রীর ভাষ্য, জাইমা রহমান যুক্ত হলে এই উদ্যোগ আরও গতি পাবে।
আমিনুল হক আরও বলেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব। বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠাই সরকারের লক্ষ্য।
এদিকে, ক্রীড়া কূটনীতির গুরুত্ব বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়-এ ইতোমধ্যে একটি পৃথক ‘স্পোর্টস উইং’ চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান প্রতিমন্ত্রী।