রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ সাময়িকভাবে বন্ধে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির অনুরোধ সরাসরি তার পক্ষ থেকেই করা হয়েছে এবং এতে সম্মত হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের নেতাদের ধন্যবাদ জানান তিনি।
ট্রাম্পের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।
রুশ প্রেসিডেন্টের সহকারী Yuri Ushakov জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোন আলোচনার মাধ্যমেই এ সমঝোতা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক এক ফোনালাপে Vladimir Putin ও ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের ঐতিহাসিক মিত্রতার প্রসঙ্গ এবং বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এর আগে রাশিয়া ৯ মে বিজয় দিবস উপলক্ষে একতরফাভাবে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও কিয়েভের অভিযোগ ছিল, মস্কো তখন তা গুরুত্ব দেয়নি।
নতুন এই যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময়ের বিষয়েও সম্মতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কিও।
Donald Trump বলেন, শান্তি আলোচনা এগিয়ে চলছে এবং প্রতিদিনই উভয় পক্ষ সমাধানের আরও কাছাকাছি পৌঁছাচ্ছে। তার ভাষায়, এটি দীর্ঘ ও প্রাণঘাতী এই যুদ্ধের শেষের শুরুও হতে পারে।
তবে শান্তি আলোচনায় এখনো বড় বাধা হয়ে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে বিরোধ। রাশিয়া চায় ইউক্রেন দখলকৃত অঞ্চল ছেড়ে দিক, অন্যদিকে ইউক্রেন স্পষ্ট জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণাধীন কোনো ভূখণ্ড তারা ছাড়বে না।