গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রী, সন্তান ও স্বজনসহ একই পরিবারের পাঁচ সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী, তার তিন কন্যা সন্তান এবং এক শ্যালক রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মো. শাহিনুর আলম জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। অন্যদের পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।