দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলু ইসলাম (৭০) ও তাঁর ছেলে কাবিল (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু ইসলামের দুটি সংসার ছিল। প্রথম পক্ষের সন্তান হাবিল ও কাবিলের নামে দুলুর বাবা কিছু জমি লিখে দেন। পরে দ্বিতীয় পক্ষের সন্তানরা ওই জমিতে অংশ দাবি করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে বিরোধকে কেন্দ্র করে দুলুর দ্বিতীয় পক্ষের দুই ছেলে দুলু ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা দুলুকে মারধর শুরু করেন। এ সময় কাবিল বাধা দিতে গেলে হামলাকারীরা ছুরি দিয়ে তাঁদের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুলু ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।