ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৪টার দিকে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত ৬ জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
দুর্ঘটনার কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।