বিতর্কের মুখে পোশাকবিধি বাতিল করল বাংলাদেশ বেতার
সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার মুখে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ বেতার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংবাদ উপস্থাপকদের জন্য পূর্বে জারি করা পোশাকবিষয়ক অফিস আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২৪ মে) জারি করা নতুন অফিস আদেশে বলা হয়, এ সংক্রান্ত আগের নির্দেশনা আর কার্যকর থাকবে না। বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদ এ আদেশে স্বাক্ষর করেন।
এর আগে গত ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক (বার্তা) তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক নির্দেশনায় ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি নির্ধারণ করা হয়েছিল। সেই নির্দেশনায় নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার-কামিজ পরতে বলা হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং এক পাশে ওড়না না রাখার নির্দেশনাও উল্লেখ ছিল।
অন্যদিকে, পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ দিবস বা উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরিধান নিরুৎসাহিত করা হয়েছিল। সম্প্রতি নির্দেশনাটির অনুলিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে আলাদা বিধিনিষেধ আরোপ করাকে অনেকেই লিঙ্গবৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেন।
সমালোচকদের মতে, সংবাদ উপস্থাপনায় একজন উপস্থাপকের দক্ষতা, উচ্চারণ, উপস্থাপনা কৌশল ও পেশাদারিত্বই মূল বিষয় হওয়া উচিত; ব্যক্তিগত পোশাক বা সাজসজ্জা নয়।
বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত পোশাকসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিষ্ঠানটি।