অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ১৫ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২৫-২৬ অর্থবছরে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের সব জেলা সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও প্রশিক্ষণার্থীদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, চলতি অর্থবছরের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অধিদপ্তর জানিয়েছে, প্রশিক্ষণার্থীদের স্থানীয় পর্যায়ে বাছাই করতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রশিক্ষণ কমিটি গঠন করতে হবে। প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে পূর্বনির্ধারিত নীতিমালা অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের সম্ভাব্য কর্মসংস্থান ও আয়বর্ধক কার্যক্রমের সুযোগ বিবেচনায় রেখে চাহিদাভিত্তিক (উইশ লিস্ট) প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট সময় পর মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা রয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, প্রশিক্ষণ কার্যক্রমের সব তথ্য ও অংশগ্রহণকারীদের তালিকা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন নথি, উপস্থিতি তালিকা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দক্ষতা উন্নয়নমূলক এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।