প্রশাসনে ব্যাপক পরিবর্তন,সাত অতিরিক্ত সচিবের নতুন দায়িত্ব
প্রশাসনে ব্যাপক রদবদল এনে সাতজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম ও সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ রদবদলকে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।