অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটালেন সমাজকল্যাণ মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ২৫ বেইলি রোডে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়। তারা মন্ত্রীর বাসভবনে এসে আনন্দঘন পরিবেশে সময় কাটায় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করে।
এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও ঈদের গল্প শোনেন এবং কিছু সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানে শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিভিন্ন ধরনের খাবারেরও ব্যবস্থা করা হয়। উপস্থিত শিশুরা এ আয়োজনের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের অনেকেই জানান, সরকারি বাসভবনে এসে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং আন্তরিক আপ্যায়নের অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক ও অনাথ শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।