বিদেশে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ স্থাপনে উদ্যোগ: নিতাই রায় চৌধুরীর
দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে বিদেশের গুরুত্বপূর্ণ মিশনগুলোতে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদেশস্থ কয়েকটি বাংলাদেশ মিশনে কালচারাল সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মন্ত্রী প্রাথমিকভাবে যুক্তরাজ্যের লন্ডন, চীনের বেইজিং এবং ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, বিদেশে বাংলাদেশ কালচারাল সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশের শিল্প, সাহিত্য, সংগীত, নাট্যচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।