ট্রাফিক জরিমানার নামে সাইবার প্রতারণা, সতর্কতা জারি
মোবাইল ফোনে ভুয়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত বার্তা ও প্রতারণামূলক ওয়েবসাইটের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি ও চক্র বিআরটিএর নাম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সম্প্রতি বিআরটিএর নজরে এসেছে, বিভিন্ন মোবাইল নম্বর থেকে ‘ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি’, ‘পেন্ডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন’ কিংবা ‘আপনার নামে জরিমানা বকেয়া আছে’-এ ধরনের বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তার সঙ্গে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের লিংকও যুক্ত করা হচ্ছে, যা দেখতে বিআরটিএর সার্ভিস পোর্টালের মতো হলেও প্রকৃতপক্ষে প্রতারণার উদ্দেশ্যে তৈরি।
বিআরটিএ জানিয়েছে, প্রতারক চক্র bspbrtn-gov.cc, bsp.brtagov.top, bsp.brta.vu/bd, bsp.brtas.vu/bd, bspbrtai-gov.cc এবং bsapqzc.lat সহ বিভিন্ন ভুয়া ডোমেইন ব্যবহার করছে। এসব ওয়েবসাইটের সঙ্গে বিআরটিএর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে,বিআরটিএ’র একমাত্র অফিসিয়াল সার্ভিস পোর্টালের ঠিকানা হলো bsp.brta.gov.bd। এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে জরিমানা আদায় বা সেবা প্রদান করা হয় না। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বিআরটিএর সেবাসংক্রান্ত বার্তা নির্দিষ্ট সরকারি নম্বর থেকেই পাঠানো হয়। তাই অচেনা নম্বর বা সন্দেহজনক লিংক থেকে আসা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এসব লিংকে প্রবেশ করা, ব্যক্তিগত তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন করা উচিত নয়।
বিআরটিএ সাধারণ জনগণকে এ ধরনের প্রতারণামূলক বার্তা উপেক্ষা করার পাশাপাশি প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে স্থানীয় থানা কিংবা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, প্রযুক্তিনির্ভর প্রতারণার নতুন কৌশল থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই। তাই সরকারি প্রতিষ্ঠানের নামে প্রেরিত যেকোনো বার্তার সত্যতা যাচাই করে তবেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।