বন্ধ কলকারখানা চালু ও উৎপাদন সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সভা
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালু, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং কার্যকর ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবদান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও দক্ষ ও লাভজনক করতে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শিল্প খাতকে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে উৎপাদন বৃদ্ধি, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।