ঈদের পর দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে ৫,৪৮২ টাকা হ্রাস
ঈদুল আজহার পর দেশের স্বর্ণবাজারে দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, যা আগের তুলনায় ৫ হাজার ৪৮২ টাকা কম। ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য পরিবর্তনের প্রভাব দেশের স্বর্ণবাজারেও পড়ছে। এর ধারাবাহিকতায় ঈদের পর দ্বিতীয়বারের মতো দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, নতুন মূল্যহার কার্যকর হওয়ায় বাজারে লেনদেন কিছুটা বাড়তে পারে। বিশেষ করে বিয়ের মৌসুম ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে স্বর্ণের চাহিদা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।