প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম নিয়ে বৈঠক
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ শীর্ষক এ বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো নিয়ে পর্যালোচনা করা হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।