বাজেটে নতুন চমক, ২০৩১ সাল পর্যন্ত আয়কর পরিকল্পনা
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরের আয়কর কাঠামো আগাম নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে করদাতারা দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা পাবেন বলে মনে করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব রাখা হচ্ছে, যা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে কার্যকর থাকবে। প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় উন্নীত হবে। এরপর ২০৩০-৩১ করবর্ষে তা আরও বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ শ্রেণির করদাতাদের জন্য বাড়তি সুবিধা
নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমাও ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা হবে ৪ লাখ ২৫ হাজার টাকা। পরবর্তী দুই করবর্ষে তা ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকায় উন্নীত হবে।
এদিকে তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা পর্যায়ক্রমে ৫ লাখ, ৫ লাখ ২৫ হাজার এবং ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। তাদের করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়িয়ে ২০৩০-৩১ করবর্ষে ৬ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তানের বাবা-মা বা আইনগত অভিভাবকদের জন্য অতিরিক্ত কর সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিটি প্রতিবন্ধী সন্তান বা নির্ভরশীল ব্যক্তির জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা আয় করমুক্ত হিসেবে বিবেচিত হবে।
পাঁচ বছরের করহারও আগাম ঘোষণা
করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আগামী পাঁচ বছরের করহার কাঠামোও আগাম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের জন্য বিদ্যমান প্রগতিশীল করব্যবস্থা বহাল রাখা হলেও উচ্চ আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে তুলনামূলক বেশি কর আরোপের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে প্রথম ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। এরপর-
পরবর্তী ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ কর
পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ কর
পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ কর
পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ কর
অর্থাৎ ৩৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ হবে। এর বেশি আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি কর রোডম্যাপ করদাতাদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।