টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি, ৩-১ ব্যবধানে জর্ডানকে হারাল আর্জেন্টিনা
বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। এই রেকর্ডের মাধ্যমে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জায়েরজিনহোকেও ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে মেসির গোলটি ছিল চলতি বিশ্বকাপে তার ষষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসে মোট ১৯তম গোল। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে শুরুতে মেসিকে বিশ্রামে রাখেন কোচ লিওনেল স্কালোনি। তবে অধিনায়ককে ছাড়াই প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে দুই গোলের লিড নেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচের ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে গোলের সূচনা করেন জিওভানি লো সেলসো। তার নিখুঁত শটে কোনো সুযোগই পাননি জর্ডানের গোলরক্ষক। এরপর ৩০তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে মার্কোস সেনেসির মুখে বুট লাগার ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেন ম্যাচ কর্মকর্তা। ৩১তম মিনিটে স্পটকিক থেকে সফল হন লাওতারো মার্তিনেজ। বিশ্বকাপে নিজের প্রথম গোল করে দলের ব্যবধান ২-০ করেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে জর্ডান কয়েকবার আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল দৃঢ়। যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। ৪৮তম মিনিটে লো সেলসো আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৫৫তম মিনিটে ব্যবধান কমায় জর্ডান। ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি সহজ ফিনিশিংয়ে গোল করেন। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।
জর্ডানের গোলের পরপরই মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। ৬০তম মিনিটে বদলি হিসেবে নামার পর ম্যাচের ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের চিরচেনা ফ্রি-কিকে দুর্দান্ত গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। মেসির গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বের লড়াইয়ে আরও আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছে যায় স্কালোনির দল।