ফেসবুক পোস্টে আসলাম চৌধুরী ও হান্নান মাসুদ প্রসঙ্গে রাশেদ খানের মন্তব্য
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসলাম চৌধুরীর ঋণখেলাপি হওয়া, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে না পারা এবং হান্নান মাসউদের হলফনামা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় কারাবন্দী থাকায় আসলাম চৌধুরীর ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং সেই পরিস্থিতির কারণে তিনি ঋণখেলাপি হয়ে পড়েন। তার ভাষ্য, ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতিই তাকে এমন অবস্থায় ফেলেছে। এ কারণে বিষয়টি নিয়ে কটাক্ষ না করার আহ্বানও জানান তিনি।
রাশেদ খান আরও লেখেন, জনগণের ভোটে নির্বাচিত হলেও ঋণসংক্রান্ত আইনি জটিলতার কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেননি। একই পোস্টে তিনি জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদের প্রসঙ্গ টেনে নিজের মতামত তুলে ধরেন।
তিনি আরও বললেন আসলাম চৌধুরী যদি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের মত তার স্ত্রীর নামে ঋণ নিতেন তাহলে তাকে এই সমস্যার মুখোমুখি হতে হতো না। জামায়াতের নেতারা বিএনপির নেতাদের চেয়ে এই ক্ষেত্রে মোটামুটি সফল চালাক।
হান্নান মাসউদের হলফনামা নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ে কোনো সংক্ষুব্ধ প্রার্থী বা ভোটার আদালতের শরণাপন্ন হলে বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে পারে।
তবে রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া পোস্টে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।