আশুলিয়ায় আর্জেন্টেনার সর্মথক হত্যার অভিযোগ, ব্রাজিলের ৪ সমর্থকের বিরুদ্ধে মামলা
সাভারের আশুলিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগ, গত ২৯ জুন গভীর রাতে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচরে এ ঘটনা ঘটে। পরে বুধবার (১ জুলাই) রাতে অভিযুক্তদের একজন হামজাকে স্বজনরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রামের বাসিন্দা মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হন।
অভিযোগে বলা হয়েছে, ফুটবল ম্যাচ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যান। এরপর তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের বাবা মোস্তাক বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের চাচা ওমর ফারুকের দাবি, আটক হামজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়নি। তার ভাষ্য অনুযায়ী, অন্য তিন অভিযুক্ত নাহিদকে ছুরিকাঘাত করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তের দেওয়া তথ্য যাচাই করে মরদেহ উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) হারুনুর রশিদ জানান, অভিযোগের সত্যতা যাচাই, মরদেহ উদ্ধারের চেষ্টা এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।