বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি
বিশ্বকাপে নিজের রেকর্ডের খাতা আরও সমৃদ্ধ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলো পর্বের ম্যাচে গোল করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে নতুন একাধিক মাইলফলক স্পর্শ করেছেন।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কৃতিত্বও অর্জন করেছেন তিনি। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলার হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি উরুগুয়ের কিংবদন্তি ওবদুলিও ভারেলার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন। ১৯৫৪ সালের বিশ্বকাপে ৩৬ বছর বয়সে নকআউট পর্বে গোল করেছিলেন ভারেলা।
চলতি আসরে এটি মেসির সপ্তম গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ২০ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের গোল ১৮টি, আর ১৬ গোল নিয়ে তৃতীয় অবস্থানে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতারা:
লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ২০ গোল (৩০ ম্যাচ)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১৮ গোল (১৮ ম্যাচ)
মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ১৬ গোল (২৪ ম্যাচ)
রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯ ম্যাচ)
গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৩ ম্যাচ)
জুস্ত ফন্টেইন (ফ্রান্স) — ১৩ গোল (৬ ম্যাচ)
পেলে (ব্রাজিল) — ১২ গোল (১৪ ম্যাচ)
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে জাল কাঁপিয়ে টানা চার ম্যাচে গোল করার ধারাবাহিকতা বজায় রাখলেন এই আর্জেন্টাইন তারকা।
বিশ্বকাপে মেসির টানা গোল করার যাত্রা শুরু হয়েছিল ২০২২ আসরের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষেও গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের নামের পাশে যোগ করলেন আরও একটি অনন্য অর্জন।