অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে Palestine Football Association ক্রীড়া আদালতে আপিল করেছে। বিষয়টি এখন গড়িয়েছে Court of Arbitration for Sport-এ।
পিএফএর অভিযোগ, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় একাধিক ইসরাইলি ক্লাব গড়ে উঠেছে এবং সেগুলো Israel Football Association-এর অধীনে লিগে অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি FIFA জানায়, অঞ্চলটির আইনি অবস্থান বিতর্কিত হওয়ায় আপাতত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এর পরই পিএফএ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।
পিএফএর ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি বলেন, সব ধরনের আইনি পথ অনুসরণের পর তারা ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। তার ভাষ্য, এই সিদ্ধান্ত ন্যায্য নয় এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও অভিযোগ করেন, চলমান সংঘাতের কারণে ফিলিস্তিনি ফুটবল মারাত্মক সংকটে রয়েছে। বিশেষ করে গাজা উপত্যকায় অবকাঠামো ধ্বংস, বহু ফুটবলারের মৃত্যু এবং প্রতিযোগিতামূলক ফুটবল কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।