ফিফা কংগ্রেসে অংশ নিতে ভ্যাঙ্কুভার গেলেও ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান Mehdi Taj-কে দেশে প্রবেশের অনুমতি দেয়নি Canada। বিমানবন্দর থেকেই তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অসদাচরণ’-এর অভিযোগে তাকে আটকানো হয়। তার সঙ্গে ফেডারেশনের আরও দুই কর্মকর্তা হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনিও ছিলেন। ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি না দেওয়ার পেছনে তার পূর্ববর্তী সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। জানা গেছে, অতীতে তিনি Islamic Revolutionary Guard Corps-এর সঙ্গে যুক্ত ছিলেন।
কানাডা এই সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। ফলে আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশে দেশটির অবস্থান কঠোর। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ নির্দিষ্ট ঘটনাটি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নীতির প্রশ্নে তারা আপসহীন এবং এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।