রাজধানীতে টানা কয়েকদিনের বৃষ্টিকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। আবহাওয়ার বিরূপ পরিস্থিতিকে কারণ দেখিয়ে ডিম, মুরগি ও নিত্যপ্রয়োজনীয় সবজির দাম একযোগে বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। কিছু কিছু সবজির দাম ছাড়িয়ে গেছে শতকের ঘরও।
বর্তমানে চিকন বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়, আর বড় গোল বেগুনের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
কাঁচা মরিচের বাজারও অস্থির-প্রতি কেজি ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলার দাম ৬০ থেকে ৮০ টাকা, আর একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
এদিকে মুরগির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগির দাম ৩৩০ থেকে ৩৫০ টাকার মধ্যে।
ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির কারণে কষ্ট করে বাজারে যেতে হচ্ছে, তার ওপর সবজির অস্বাভাবিক দাম তাদের নাজেহাল করে তুলেছে। অনেকেই বলছেন, এক কেজি বেগুন কিনতেই প্রায় ১৪০ টাকা খরচ হয়ে যাচ্ছে, অন্য সবজির অবস্থাও একই।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে বাজারে পণ্যের ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে। এছাড়া কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় সেগুলোর দাম তুলনামূলক বেশি।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না থাকলে এ ধরনের অজুহাতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।