হজ পালনে ভিজিট ভিসা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, শুধুমাত্র সরকারি অনুমোদিত হজ পারমিটধারীরাই হজে অংশ নিতে পারবেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৪৪৭ হিজরি হজ মৌসুম সামনে রেখে এই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়ার সুযোগ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে অবশ্যই অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকতে হবে। নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকার সাধারণ জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে, কেউ অবৈধভাবে হজে অংশ নেওয়ার চেষ্টা করলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। এ সংক্রান্ত তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।