দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ শিশুর মধ্যে হাম শনাক্ত বা উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬ শিশু রয়েছে। তাদের একজনের শরীরে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৫ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত করা হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৬ হাজার ২০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।