শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদী ট্রাম্প
চীনের রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি জানান, তার সফরসঙ্গী প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শি চিন পিংকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তার সঙ্গে সাক্ষাৎ ও বন্ধুত্বকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে এ শীর্ষ বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করার অপেক্ষায় রয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বাণিজ্য, প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেও দুই দেশের শীর্ষ পর্যায়ের এ আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।