দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলে দুপুরের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।