ইসরায়েলের একটি সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অধিকৃত এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের পশ্চিমাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় বিকট শব্দ ও কম্পন অনুভূত হয়। পরে ইসরায়েলের সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টোমের কোম্পানি এক বিবৃতিতে দাবি করে, এটি পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তা সম্পন্ন করা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে ঘটনাটিকে স্বাভাবিক পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে তুলে ধরা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়। ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আকাশজুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ দেখা গেছে, যা দূরবর্তী এলাকা থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
ঘটনাটি ইসরায়েলের সামরিক-শিল্প অবকাঠামোর নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামরিক স্থাপনাগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রপালশন প্রযুক্তি উন্নয়নে জড়িত এসব স্থাপনা সাধারণত কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়। বিস্ফোরণের পর বেশ কিছু সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও পরে টোমের কোম্পানি আনুষ্ঠানিক বিবৃতি দেয়।